৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে: রাজউক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজউকের সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়েছে, মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। দিনের বেলায় এমন ভূমিকম্প আঘাত হানলে প্রায় ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে এবং দুই লাখেরও বেশি মানুষের প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২৫ বিলিয়ন ডলার।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, সিলেট ফল্টে উৎপন্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে।
শুক্রবারের সাম্প্রতিক কম্পনে রাজধানীর বহু ভবন দীর্ঘসময় দুলতে থাকায় আবারও ঢাকার দুর্বলতা প্রকট হয়ে উঠে। দেশজুড়ে অন্তত ১০ জনের মৃত্যু ও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
আলোচনায় বিশেষজ্ঞরা রাজউকের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে ভবন ঝুঁকি নিরীক্ষায় যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন তদারকি ও ঝুঁকি নিরূপণের কাজ অত্যন্ত জটিল; শুধু রাজউকের ওপর এ দায়িত্ব বর্তানো যুক্তিসংগত নয়। থার্ড পার্টি প্রতিষ্ঠানকে যুক্ত করলে ভবনভিত্তিক বিশদ মূল্যায়ন সহজ হবে বলে তিনি মত দেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও ভবন নিরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করতে বিশেষ নির্দেশনার পরামর্শ দেন এবং পুরান ঢাকা সংস্কার কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন। পাশাপাশি ফায়ার সার্ভিস, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ বিভাগসহ সেবামূলক সংস্থাগুলোকে দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেন।
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। জনগণের প্রস্তুতি ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনার শেষে রাজউক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ তদারকিতে একটি নতুন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।



