গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারে চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন।
বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি,) এসএম মাহফুজুর রহমান এবং গাজীপুর মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি মো. মোশাররফ হোসেন।
সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ৩ লাখ টাকা প্রদান করা হয়। এতে মোট ২০ জনকে প্রায় ৯৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।



