গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ ৪২ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের জিরানীবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারীসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কাশিমপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জিরানীবাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



