আইন-আদালতআলোচিত

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ‘ভুল’ করে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন ও ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বললেও কর্তৃপক্ষের দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। একটি হত্যা মামলার আসামি হিসাবে তারা কারাবন্দি ছিলেন।

এ প্রসঙ্গে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলামের সংবাদ মাধ্যমকে বলেছেন, “ঘটনাটি সত্য, কারাগারের কর্মকর্তা ভুল করে আসামিদের মুক্তি দিয়েছেন। এটি ‘ভুলমুক্তি’ (ভুল করে মুক্তি)। পরে সবকিছু জানানো হবে।”

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “তিন আসামি হত্যা মামলার। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলক্রমে জামিননামা ভেবে ছাড়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

ঘটনা তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তৌহিদুল ইসলাম বলেন, “জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছে ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি।

“যে বা যেসব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে বলেন, “এমন ঘটনা আমাদের জানা নেই। তবে আসামি ধরতে হলে অবশ্যই পুলিশের সহযোগিতা লাগবে। তাৎক্ষণিক অবহিত করলে আসামি ধরতে সুবিধা হতো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button