
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান।
এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিতরা। তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।
শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন।
নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি।



