ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিতর্কিত সর্বজনীন বা বৈশ্বিক শুল্ক নীতি বাতিল ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।

রায়ে আদালত জানিয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার্স অ্যাক্ট’ (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন, তা তার এখতিয়ারের বাইরে।

আইইইপিএ প্রেসিডেন্টকে এককভাবে শুল্ক আরোপ করতে পারার মতো কোনও ক্ষমতা দেয় না। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেয়।

প্রেসিডেন্টের অর্থনৈতিক কর্মসূচির জন্য এই রায় এক ধাক্কা। ২০২৫ সালের শুরুতে ক্ষমতা গ্রহণের পরই ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করেছিলেন।

ট্রাম্প এই শুল্ককে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছিলেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়।

জরুরি অবস্থার জন্য ব্যবহার্য আইনকে কাজে লাগিয়ে শুল্ক বসানোর এখতিয়ার প্রেসিডেন্টের নেই। এভাবে শুল্ক আরোপ করতে গেলে প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে ‘স্পষ্ট অনুমোদনের’ প্রমাণ দিতে হবে। কিন্তু তিনি তা পারেননি।