কালীগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে এমপির কড়া বার্তা, দুই ব্যবসায়ীর অভিযোগে ৭ জনের নাম, গ্রেপ্তার ১

কালীগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে এমপির কড়া বার্তা, দুই ব্যবসায়ীর অভিযোগে ৭ জনের নাম, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। দুই ভুক্তভোগী ব্যবসায়ী পৃথকভাবে সাত জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে ভাদার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা আবুল হোসেন প্রিন্সকে (২৮) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ বাজারের ‘শুভ বোরকা বাজার’ নামক দোকানে হানা দেয় প্রিন্সের নেতৃত্বে পাঁচ-ছয় জনের একটি দল। দোকান মালিক লোকনাথের কাছে কুড়ি হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান কর্মী হৃদয় মিয়া (২৩) ও নাঈমকে কাঠের রুল ও লাঠি দিয়ে মারধর করা হয়। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আশপাশের দোকানে। একপর্যায়ে দোকানের ক্যাশ থেকে নগদ সাত হাজার পাঁচশো টাকা লুট করে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা — চাঁদার বাকি টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

এ ঘটনায় দোকান মালিকের পক্ষে দোকান কর্মী হৃদয় মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় চাঁদাবাজি, মারধর ও লুটের অভিযোগ দায়ের করেন।

মামলায় নাম রয়েছে আবুল হোসেন প্রিন্স, ভাদার্ত্তীর শহিদুল্লাহর ছেলে মোঃ রায়হান (২২), ভাদগাতির মাসুমের ছেলে জোবায়ের হোসেন (৩০) এবং আফজালের ছেলে উজ্জলের (২০)।

রাতেই মামলা নথিভুক্ত করে অভিযানে নামে পুলিশ। মধ্যরাতে ভাদাত্তী এলাকায় তার বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় প্রিন্সকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ইব্রাহীম শেখ।

উল্লেখ্য, ২০২৫ সালে সরকারি কর্তব্যে বাধাদানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সে সময় ১৭ মার্চ কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।

পৃথক আরেকটি ঘটনায়, তুমুলিয়া ইউনিয়নের সোম বাজারে ‘এনামুল সাইকেল স্টোর’-এর মালিকের কাছে চাঁদা দাবি করে যুবদল কর্মী রাসেল (৩৪), সজিব (৩১) ও সজল (৩০)। দাবিকৃত চাঁদা না পেয়ে গত শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দোকানে সরাসরি হামলা চালায় তারা। দোকান মালিক এনামুল হক (৩০), তার বৃদ্ধ পিতা শহিদুল্লাহ (৬০) এবং নাজমুল হাসান (৩৩)-কে ভয়ভীতি দেখানো ও মারধর করা হয়। সেই সঙ্গে হত্যা ও দোকানে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত রাসেল উত্তর সোম এলাকার আরব আলীর ছেলে, মৃত রুহুলের ছেলে সজিব এবং অপরজন সজল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, চাঁদাবাজির ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযোগের বিষয়েও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরো জানতে….

কালীগঞ্জে হাসপাতালে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

কালীগঞ্জে সরকারি হাসপাতালে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, ছাত্রদলের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার