সদরঘাটে চাপ কমাতে কাঞ্চন ব্রিজ-বসিলা থেকেও ছাড়বে লঞ্চ

সদরঘাটে চাপ কমাতে কাঞ্চন ব্রিজ-বসিলা থেকেও ছাড়বে লঞ্চ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদের সময় সদরঘাটের ওপর বাড়তি চাপ কমাতে বসিলা ও কাঞ্চন ব্রিজ ঘাট থেকে এবার লঞ্চ ছাড়বে।

আগামী মঙ্গলবার থেকে ঈদ যাত্রার কয়েকটি বিশেষ লঞ্চ এসব ঘাট থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (১৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে বলা হয়, রাজধানীর লঞ্চ ছাড়ার প্রধান ঘাটে চাপ কমানোর পাশাপাশি ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াতের সুবিধার্থে এ দুই ঘাট থেকে লঞ্চ চালানো হবে।

বিআইডব্লিউটিএ বলছে, বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বেশ কয়েকটি পরিবহনের এসব লঞ্চ ছাড়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ছয়টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে তিনটি লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

এছাড়া ঈদযাত্রায় যাত্রীসেবার অংশ হিসেবে সদরঘাটে প্রবীণ ও নারী যাত্রীদের ব্যবহার্য মালামাল ও ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য ১৭ থেকে ২৮ মার্চ টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেবে সংস্থাটি।

লঞ্চ চলাচলের সময়সূচি

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে: শিমুলিয়া-চাঁদপুর: ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর: ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল: ৮টা, বরিশাল-শিমুলিয়া: ৭টা (এমভি রাজারহাট বি)।

বছিলা থেকে সকালে: বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন: ৭টা (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর: ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর: ১১টা (এমভি ঈগল-৪)।

দুপুর: বছিলা-সদরঘাট-ইলিশা: ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা: ১টা ৩০ মিনিট(এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকাল: বছিলা-সদরঘাট-ইলিশা: ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।