গাজীপুরে প্রায় চার হাজার ডিজেল লিটার জব্দ, গ্রেপ্তার ১

গাজীপুরে প্রায় চার হাজার ডিজেল লিটার জব্দ, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় চার হাজার ডিজেল জব্দ ও একজন গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে মহানগরের পোড়াবাড়ী এলাকায় পুলিশি অভিযানে ৮৮০ লিটার ডিজেল জব্দ ও একজন গ্রেপ্তার হয়। অপরদিকে কালিয়াকৈর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা হয়েছে প্রায় তিন হাজার লিটার ডিজেল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দুটি অস্থায়ী জ্বালানি তেলের দোকানে অভিযান পরিচালনা করে। সেখানে পাঁচটি ড্রামে মজুত রাখা ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, উত্তর সালনা এলাকার বাসিন্দা তেল বিক্রেতা আব্দুর রাজ্জাককে (৩৫)। অন্যদিকে অপর অরেক ব্যবসায়ী মো. ফিরোজ পালিয়ে যেতে সক্ষম হন। দুজনের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জিএমপির সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

একই দিন অর্থাৎ শনিবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফাতেমা হোটেল-সংলগ্ন একটি দোকান থেকে প্রায় তিন হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। দোকান মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত গাজীপুর জেলায় মোট সাতটি অভিযান পরিচালিত হয়েছে। চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেছেন, অবৈধ জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান চলমান থাকবে।

দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় বা মুনাফার উদ্দেশ্যে একশ্রেণির ব্যবসায়ী অবৈধভাবে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল মজুত করে থাকেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের অবৈধ মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।