গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

এতদিন জেলা প্রশাসক (ডিসি) জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা : সরকার দ্বিতীয় দফায় গাজীপুরসহ আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সমপর্যায়ের ক্ষমতা প্রয়োগ করবেন। 

এতদিন জেলা প্রশাসক (ডিসি) জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এই দফায় গাজীপুর ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ প্রথম দফায় একযোগে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দুই দফায় নিয়োগপ্রাপ্ত সব প্রশাসকই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।