গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই দেখা মিললো এক অবিশ্বাস্য ফুটবলীয় মহাকাব্য। ফুটবলপ্রেমীদের মনে যা দোলে দিয়ে যাবে অনেক অনেক দিন। গোলের রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুই দল করল মোট ৯ গোল। যাতে পিএসজি জিতলেও আশা জিইয়ে রাখল বায়ার্ন মিউনিখও।
মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ধাপে এটিই এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচ।
জয়ের নায়ক খিভিচা কভারাসখেলিয়া ও উসমান দেম্বেলে; দুজনেই করেছেন জোড়া গোল। অসাধারণ এই ফুটবল দ্বৈরথ গত মৌসুমের ইন্টার মিলান ও বার্সেলোনা ম্যাচকেও যেন ম্লান করে দিয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টে ফাইনালের টিকিট পেতে দুই দলের সামনেই এখন ফিরতি লেগের কঠিন সমীকরণ।
ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ১৭ মিনিটে লুইস দিয়াজকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। গোল করতে ভুল করেননি হ্যারি কেইন। এটি ছিল মৌসুমে তার ৫৪তম গোল। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি স্বাগতিকদের। কভারাসখেলিয়ার জাদুকরী ফিনিশিংয়ে সমতায় ফেরে পিএসজি। ৩৩ মিনিটে দেম্বেলের কর্নার থেকে হেডে গোল করে জোয়াও নেভেস পিএসজিকে লিড এনে দেন।
ম্যাচ জমে ওঠে যখন মাইকেল ওলিসে দুর্দান্ত এক শটে বায়ার্নকে ২-২ সমতায় ফেরান। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে আলফনসো ডেভিসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে দেম্বেলে বিরতির আগেই দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য। ৫৬ মিনিটে হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন কভারাসখেলিয়া। এর কিছুক্ষণ পরই দেম্বেলে নিচু শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করলে ব্যবধান ৫-২ হয়ে যায়। বায়ার্ন তখন স্তব্ধ।
তবে হাল ছাড়েনি ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। কিমিখের ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান উপামেকানো। এরপর লুইস দিয়াজ ব্যক্তিগত নৈপুণ্যে মারকুইনহোসকে কাটিয়ে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। শেষ মুহূর্তে বায়ার্ন গোল প্রায় শোধ করে ফেলেছিল, কিন্তু মায়ুলুর শট পোস্টে লেগে ফিরে এলে বেঁচে যায় পিএসজি।
আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ। গত বছর সেখানে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি। সেই সুখস্মৃতি নিয়ে প্যারিসিয়ানরা মাঠে নামলেও ঘরের মাঠে এক গোলের ব্যবধান ঘুচিয়ে দিতে আত্মবিশ্বাসী বায়ার্ন মিউনিখ।