কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী ভরাট: যমুনাকে দুই লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী ভরাট: যমুনাকে দুই লাখ টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বড়িহাটি মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমির মাটি কেটে নদী ভরাটের দায়ে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

জরিমানার অর্থ পরিশোধ করেন প্রতিষ্ঠানটির এইচআর এডমিন মো. সুজাত উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়িহাটি এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের একটি এলপিজি গ্যাস প্লান্ট রয়েছে। একই এলাকায় নদীর সীমানা চিহ্নিত করে বেশ কিছু পিলার স্থাপন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সম্প্রতি কোনো অনুমতি ছাড়াই নদীর তীরবর্তী জমির মাটি কেটে ওই সীমানা পিলার অতিক্রম করে নদীর অভ্যন্তরে ভরাটকাজ চালানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।