গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে ইয়াবা সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টিকারী দুই যুবককে মোবাইল কোর্টে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বক্তারপুর ইউনিয়নের ফুলদি উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে রোমান শেখ (২৮) এবং আম্বর আলী শেখের ছেলে রোমান শেখ (২৭)। দু’জনই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবক নিয়মিত একসঙ্গে ইয়াবা সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি করে আসছিল। তাদের এই কার্যকলাপে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ছৈলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ তাদের আটক করে।
পরে বৃহস্পতিবার দুপুরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুজনকে পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।