পূবাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

পূবাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

পূবাইলের হায়দরাবাদ এলাকায় নয় বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে তার আপন ফুফা সেলিম খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

 রবিবার (২৪ মে) তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সেলিম খান বাদীর ভগ্নিপতি।

মামলার বিবরণ অনুযায়ী, সেলিম খানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুরে। প্রায় পাঁচ বছর ধরে তিনি সপরিবারে বাদীর বাসায় বসবাস করে আসছিলেন। নিঃসন্তান সেলিম খানের কক্ষে বাদীর নয় বছর বয়সী কন্যা—স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী—প্রায়ই যাতায়াত করত।

গত ২৩ মে বাড়িতে মেহমান আসায় বাদীর বড় মেয়ে সেলিম খানের কক্ষে যান। সেখানে তার ডেস্কটপ কম্পিউটারটি চালু থাকায় ছবি দেখতে গিয়ে হঠাৎ তিনি ছোট বোনের আপত্তিকর কিছু ছবি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান তিনি।

পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশু জানায়, গত ১৫ মার্চ থেকে ২১ মে-র মধ্যে বিভিন্ন সময়ে সেলিম খান তাকে চিপস ও বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যেত এবং জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করত। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখত সে। এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

পূবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।