কালিয়াকৈরের পোশাক কারখানায় পানি পানে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরের পোশাক কারখানায় পানি পানে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় স্বাভাবিকভাবেই কাজ শুরু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকেরা সংবাদ মাধ্যমকে জানান, কাজ শুরুর কিছুক্ষণ পর কারখানার পানি পান করলে প্রথমে চতুর্থ তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মাথা ঘুরে পড়ে যাওয়া ও বমিসহ নানা ধরনের শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয়। পরে ধীরে ধীরে অন্যান্য তলার শ্রমিকেরাও একই পরিস্থিতিতে পড়েন।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী সফিক সংবাদ মাধ্যমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে একজন নারী শ্রমিক বমি করলে তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সাড়ে ৯টার দিকে আরও পাঁচ-ছয়জন অসুস্থ হলে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হয়।

তবে পানির মান নিয়ে দায় এড়াতে চান কারখানা কর্তৃপক্ষ। কাজী সফিক দাবি করেন, “আমাদের কারখানার পানিতে কোনো সমস্যা নেই।”

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন সংবাদ মাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে একের পর এক অসুস্থ শ্রমিক আসতে শুরু করেন।

“একের পর এক রোগী আসছে, আমরা পর্যায়ক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি,” — বলেন তিনি।

পানি দূষণের কারণেই শ্রমিকেরা অসুস্থ হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।