সিল্কসিটির বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

সিল্কসিটির বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

সিরাজগঞ্জে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ রয়েছে ঢাকার রেল যোগাযোগ।

যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে সকাল ১০টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লাইনচ্যুত বগিটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এসময় মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার সংবাদ মাধ্যমকে বলেন, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে কিছু সময় লাগবে।