গাজীপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুজনের লাশ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুজনের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তি এবং কালিয়াকৈর পৌর এলাকার রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৃথক এই দুটি ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. খলিলুর রহমান (৪৬)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা গ্রামের মো. ইউনুস বারীর ছেলে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে পিবিআইয়ের সহায়তায় মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়।

এদিকে একই দিন ভোরে কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।