গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে একটি ভাড়া করা প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের একটি ডিস্ট্রিবিউটরের কর্মীরা ওই গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
গুলিবিদ্ধ হিমেল বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার। তার সঙ্গে থাকা এরিয়া ম্যানেজার ফরহাদ এবং গাড়ির চালক লাল মিয়াও আহত হয়েছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, হিমেল ও ফরহাদ নরসিংদী থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে বস্তায় টাকা নিয়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। গোসিঙ্গা-কর্নপুর এলাকার গজারি বনের কাছে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে একদল লোক গাড়িটির পথ আটকায়।
এরপর তারা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে, তাতে হিমেল গুলিবিদ্ধ হন। টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে ফরহাদ ও লাল মিয়া আহত হন। পরে হামলাকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
চালক লাল মিয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, গাড়িতে তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। ছিনতাইকারীরা এর মধ্যে দুটি বস্তা নিয়ে গেছে, যাতে প্রায় তিন কোটি টাকা ছিল। টাকার এই পরিমাণ পুলিশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।