গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে দিল্লির যন্তর মন্তরে সমাবেশ ডেকেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (১০ অক্টোবর) সকালে সেই কর্মসূচির আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। এর আগে গত রাতে রাজধানীজুড়ে চারশোর বেশি মানুষকে আটক করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আটক ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।
প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-র সেন্ট্রাল বিহার আবাসনে ধ্রুব রাঠির বাসায় যায় পুলিশের একটি দল। দিল্লির সমাবেশে যোগ দিতে রওনা হওয়ার আগেই তাঁকে আটক করা হয়। কোন আইনে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে সিজেপি। দলটির দাবি, এর ফলে অনেক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে মুখ্য নির্বাচন কমিশনারকে দায় নিয়ে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

তবে এই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা বলে প্রশাসন বিক্ষোভ ঠেকাতে একাধিক ব্যবস্থা নিয়েছে।
যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে
- – রাজধানীতে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন
- – যন্তরমন্তরগামী পথে অন্তত সাত স্তরের ব্যারিকেড, কিছু জায়গায় ধাতব কাঠামো দিয়ে সেগুলো আরও শক্ত করা হয়েছে
- – নয়াদিল্লি জেলায় ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা, যা ছবির পাশাপাশি শব্দও ধারণ করতে পারে
- – দায়িত্বরত কিছু পুলিশ সদস্যের শরীরে ক্যামেরা
- – ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির পথ বন্ধ
- – শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসার কথা ছিল, এমন ২৫০টিরও বেশি ট্রেন বাতিল
- – জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধে ২৪ ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ
এত নিষেধাজ্ঞার পরও কর্মসূচি থেকে সরে আসছে না সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, বাধা থাকলেও তাঁদের সমর্থকেরা যন্তরমন্তরে যাওয়ার সিদ্ধান্তে অটল।
ফলে শনিবার সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে দিল্লিতে। এখন দেখার বিষয়, যন্তরমন্তরে সমাবেশ কতটা হয় এবং পুলিশ পরিস্থিতি কীভাবে সামলায়।