অপকর্মে জড়ালে দলীয় নেতা-কর্মী, মন্ত্রী ও এমপিদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

অপকর্মে জড়ালে দলীয় নেতা-কর্মী, মন্ত্রী ও এমপিদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের নেতা-কর্মী কিংবা সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ অপকর্মে জড়ালে তাকে বা তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেছেন বলে সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

সরকারি দলের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সংসদ সদস্য সংবাদ মাধ্যমকে জানান, সরকার গঠনের পর গত আট মাসে কোন কাজ কতদূর এগিয়েছে এবং বাস্তবায়নে কী ধরনের বাধা এসেছে, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের কাছে জানতে চেয়েছেন। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা এবং স্থানীয় মানুষের প্রত্যাশার কথাও তিনি শুনেছেন।

সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংবাদ মাধ্যমকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, জাতীয় নির্বাচনে পাওয়া সাফল্যের ধারা ধরে রাখাই এর উদ্দেশ্য।

তিনি আরও জানান, ভোট যেন নিরপেক্ষ হয়, সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তারেক রহমান। কারচুপির অভিযোগ তোলার মতো কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদও দেওয়া হয়েছে।

সভা শেষে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, বৈঠকে এমপিরা নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তাঁদের জনগণের পাশে থেকে কাজ করতে বলেছেন, যাতে মানুষ সন্তুষ্ট থাকে। একই সঙ্গে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শও দিয়েছেন তিনি।