গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় এ কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র ধারণা করছে, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন শ্রমিক সংবাদ মাধ্যমকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সব শ্রমিক কারখানা থেকে বেরিয়ে আসেন।
এর তিন দিন আগে, গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের আরেকটি ওষুধ কারখানায়ও অগ্নিকাণ্ড ঘটেছিল।