গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার (১ নভেম্বর) সকালে বিক্ষোভ চলাকালে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এবং একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন।
পুলিশ ও শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই কোনাবাড়ী এলাকায় আন্দোলন করে আসছিলেন তারা। সকালে শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের পাশে থাকা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন দেন। এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জায়গা ছেড়ে সরে যান।
এ ছাড়া বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন এবং দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন বলে জানা গেছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, সকাল থেকেই পুলিশ সদস্যরা ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর করেন ও আগুন ধরিয়ে দেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।