পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি ও বিক্রি, কালীগঞ্জের গিয়াস উদ্দিন আটক

স্ত্রী, মেয়ে, শালী এবং ভাগ্নিসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দিয়ে পর্নো ভিডিও তৈরি করতেন।

পরিবারের সদস্যদের দিয়ে পর্নো ভিডিও তৈরি ও বিক্রি, কালীগঞ্জের গিয়াস উদ্দিন আটক

নিজস্ব সংবাদদাতা

নিজের পরিবারের সদস্যদের দিয়ে পর্নোগ্রাফির ভিডিও তৈরি এবং সেগুলো আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে বিক্রির অভিযোগে কালীগঞ্জের বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নরসিংদীর পলাশ থানা পুলিশ। তিনি চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন বেশ কিছুদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ আছে, সেখানে তিনি স্ত্রী, মেয়ে, শালী এবং ভাগ্নিসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দিয়ে পর্নো ভিডিও তৈরি করতেন এবং বিদেশি পর্নো ওয়েবসাইটে বিক্রি করে অর্থ আয় করতেন।

পুলিশ বলছে, গোয়েন্দারা তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন। 

পুলিশের দাবি, নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবার ভগীরথপুর ছেড়ে ঘোড়াশালের পাইকসা এলাকায় নতুন একটি বাসায় ওঠে। মালপত্র নিয়ে যাওয়া গাড়িটির গতিবিধি অনুসরণ করে এনএসআইয়ের একটি দল ওই বাসার সন্ধান পায়। এরপর পলাশ থানার পুলিশ সেখানে অভিযান চালায়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন সংবাদ মাধ্যমকে বলেছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাসাটিতে তল্লাশি চালিয়ে ভিডিও তৈরির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আলামত পাওয়া গেছে। 

পুলিশ বলছে, ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।