নিজস্ব সংবাদদাতা
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।
এক নারীর অভিযোগ, সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দিয়ে স্ট্যাম্পে সই করানো হয়েছে এবং ১০ লাখ টাকা হাতে ধরিয়ে ‘মীমাংসা’র চেষ্টা হয়েছে।
জিএমপি কমিশনারের কাছে জমা দেওয়া পৃথক দু’টি লিখিত অভিযোগে এ কথা জানিয়েছেন তিনি।
প্রথম অভিযোগ জমা পড়ার দেড় মাস কেটে গেলেও বিষয়টি এখনও অভ্যন্তরীণ তদন্তাধীন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এরই মধ্যে সমঝোতার জন্য টাকা লেনদেন, হুমকি ও ‘আপসনামা’য় সই নেওয়ার নতুন অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীর বক্তব্য, তিনি টাকা চান না, চান ন্যায়বিচার।
অভিযোগ প্রসঙ্গে জানতে ওসি ইফতেখার হোসেনকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান এবং পরে কথা বলবেন বলেন। পরে আর তার বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ অক্টোবর জমা দেওয়া দ্বিতীয় অভিযোগে ওই নারী জানিয়েছেন, ১৮ অক্টোবর তাকে জোর করে একটি রাজনৈতিক মহলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে একটি স্ট্যাম্পে তাঁর সই নেওয়া হয়। হাতে গুঁজে দেওয়া হয় ১০ লাখ টাকা।
অভিযোগ অনুযায়ী, ওই টাকার মধ্যে ৮ লাখ নগদ এখনও তার কাছেই রয়েছে। সেই টাকা সরকারি হেফাজতে বা ওসির কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত। বাকি ২ লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে কেটে রেখেছেন বলে দাবি। ওই ইনফর্মারকে অভিযোগে ‘ওসির লোক’ বলে উল্লেখ করা হয়েছে।
ওই নারীর কথায়, চাপের মুখে করানো ‘আপসনামা’ তিনি মানেন না। ‘অন্যায়ের টাকা’ নিজের কাছে রাখতেও চান না। তিনি ওসির দৃষ্টান্তমূলক শাস্তি চান। তার দাবি, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতে মামলা করার প্রস্তুতিও চলছে বলে তিনি জানিয়েছেন।
দ্বিতীয় অভিযোগে আরও বলা হয়েছে, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর ওসির লোকজন এবং তাঁদের সঙ্গে থাকা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযোগকারীর বাড়িতে যান। সেখানে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
গত ২৪ সেপ্টেম্বর জমা দেওয়া প্রথম অভিযোগে ওই নারী জানিয়েছেন, প্রায় দেড় বছর (এক বছর পাঁচ মাস) আগে ব্যক্তিগত একটি বিষয়ে অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় গিয়েছিলেন। তখন সেখানে কর্মরত ছিলেন ইফতেখার হোসেন। অভিযোগ, সেই সুযোগে মোবাইল নম্বর জোগাড় করে নিয়মিত ফোনে কথা বলে সম্পর্ক গড়ে তোলেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, ওসি নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন। এর পর দীর্ঘদিন ধরে নিজের বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করতেন। এই ঘটনায় সোহেলকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ওসির সঙ্গে দেখা করানোর জন্য সোহেল নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন।
বিয়ের জন্য চাপ দিলে ওসি পাঁচ বছর অপেক্ষা করতে বলেন, পরে বিয়েতে সরাসরি অস্বীকার করেন বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে পরিণতি ভাল হবে না বলে সোহেল হুমকি দেন। ওসির বাবাও ফোন করে অভিযোগকারীর পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ওসি নিজেও গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।
অভিযোগকারী জানিয়েছেন, নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি জানান। তার পর ১১ সেপ্টেম্বর সোহেল ও এক ‘আঙ্কেল’ ভয় দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ওসির বিরুদ্ধে থাকা সমস্ত কল রেকর্ড ও বার্তা মুছে দেন বলে অভিযোগ।
তবে ওসির সঙ্গে কথোপকথনের কিছু অডিও রেকর্ডিং এবং একটি ছবি তিনি আগেই নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন ওই নারী।
দ্বিতীয় অভিযোগে তার দাবি, এই সব প্রমাণ তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রথম অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে তাকে ও তার পরিবারকে ক্ষতির মুখে ফেলা বা মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে।
প্রথম অভিযোগের পর বিষয়টি একাধিক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় আলোড়ন তৈরি হয়। অভিযোগকারীর পক্ষের দাবি, তার পরেই ওসির পক্ষে একটি মহল তার প্রশংসা করে এবং ভুক্তভোগীর বিরুদ্ধে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করিয়ে ঘটনাকে ভিন্ন খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করেছে।
তদন্তের সঙ্গে যুক্ত সূত্রের খবর, দু’টি অভিযোগ নিয়েই জিএমপির তরফে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশ সদর দফতর এবং কয়েকটি গোয়েন্দা সংস্থাও বিষয়টির উপর নজর রাখছে বলে ওই সূত্রের দাবি।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “অভিযোগ পেয়েছি। এটা তদন্তে আছে।” তাঁর কথায়, অভিযোগ পাওয়ার পরেই এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রের খবর, মো. ইফতেখার হোসেন ২০০৮ সালে সাব-ইন্সপেক্টর (উপপরিদর্শক) পদে পুলিশে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর (পরিদর্শক) হন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কাশিমপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগ দেন। সেখানে দীর্ঘদিন কাজের পরে বদলি হন টঙ্গী পূর্ব থানায়, সেখানেও পরিদর্শক (তদন্ত) ছিলেন। চলতি বছরের ৩ মার্চ তাকে কোনাবাড়ী থানার ওসি পদে বসানো হয়।