নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে ভাঙচুর, জমি দখলের মামলা

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে ভাঙচুর, জমি দখলের মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে। শনিবার কুষ্টিয়ার দৌলতপুর থানায় এ মামলা নথিভুক্ত হয়।

মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান হামলাকারীরা।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।

বাদী ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতে হয়।

জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, বৃহস্পতিবার আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন।

এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।

মামলার বাদী ইদ্রিস আলী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনায় থানায় মামলা করেছি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, এমপির বাবার নামে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।