গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের মধ্যে একজন উপপুলিশ কমিশনারের ব্যবহৃত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগের দিন কোনাবাড়ীতে মহাসড়কের পাশে বোমার মতো দেখতে একটি বস্তু পাওয়া গেলে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর নগরের ছয়দানায় শ্রমিকেরা আন্দোলন করছিলেন। সেখানে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির কাছে গাড়িটি আটকে দেওয়া হয়।

সকাল সোয়া ১০টার দিকে লাঠিসোঁটা হাতে কয়েকজন গাড়িটি ভাঙচুর করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। গাড়িটি ব্যবহার করতেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। অতিরিক্ত দায়িত্বে তিনি উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) পদেও আছেন।
চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হিরণ মিয়া জানান, তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গাড়িটি মেট্রোপলিটন পুলিশের বলে জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুর্বৃত্তরা’ এতে আগুন দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্থানীয় লোকজন লাল রঙের একটি বস্তু দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বস্তুটি দেখতে বোমা বা ককটেলের মতো। লাল বাটির মতো অংশ থেকে তার বেরিয়ে ছিল। বাটির গায়ে লেখা ছিল ‘সতর্কবার্তা বিস্ফোরণ’, নিচে ‘এমকে ডট’।
বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় জমে যায়। পুলিশ এলাকা ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।