নড়াইলে এবার আ. লীগ নেতা-কর্মীদের অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

আগুনে বাড়িঘর জ্বলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নড়াইলে এবার আ. লীগ নেতা-কর্মীদের অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অর্ধশতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এর দুই দিন আগে সেখানে হামলায় আহত বিএনপির দুই নেতা মারা যান। বিএনপির নেতা-কর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তারা নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে বলেছেন, শুক্রবার বেলা চারটার দিকে তারা ওই গ্রামে বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। কিন্তু গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন।

গাছ সরিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত আটটার দিকে সেখানে পৌঁছান। ততক্ষণে বেশির ভাগ আগুন নিভে গিয়েছিল বলে জানান তিনি।

হুমায়ুন কবিরের হিসাবে, গ্রামটির অন্তত ২০-২৫টি বাড়ির অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। বড়দিয়া বাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী সংবাদমাধ্যমকে বলেছেন, বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে গিয়েছিল।

স্থানীয় লোকজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেন্দারচরে যাদের বাড়ি পুড়েছে, তাদের মধ্যে আছেন: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি (আওয়ামী লীগ), কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগের নেতা এস এম শামীম।

আগুনে বাড়িঘর জ্বলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, খবর পেয়ে তিনি পুলিশের ওসিসহ ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর ভাষ্য, সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।

এ বিষয়ে কথা বলার জন্য কালিয়া থানার ওসি ইদ্রিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সংবাদমাধ্যমকে বলেন, এ বিষয়ে পুলিশ একটি বিবৃতি দেবে এবং সেখানে বিস্তারিত থাকবে।

এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।

শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মৃত্যু হয়।