গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

গাজীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

বিশেষ প্রতিনিধি 

গাজীপুরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে কয়েকটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে গাজীপুর মহানগর ও শ্রীপুরে এই বিক্ষোভ হয়েছে। অবরোধ সরাতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

বিক্ষোভের মধ্যে গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও মালামালে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা এ কাজ করেছেন বলে জানা গেছে।

পরিস্থিতির কারণে গাজীপুরের ৭৫টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সকাল ৯টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়ক অবরোধ করেন।

একই সময়ে কোনাবাড়ী শিল্পাঞ্চলে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর পোশাকশ্রমিকরা কাজে না গিয়ে কারখানার আশপাশে জড়ো হন। পরে তাদের একটি অংশ লাঠিসোঁটা হাতে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। পুলিশ বুঝিয়ে তাদের সরানোর চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালান বলে জানা গেছে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিএমপি’র কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, মৃত্যুর গুজবের কারণেই শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে নলজানি এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে নেমে আসেন শ্রমিকরা। তাদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট ছোড়া হয়। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

প্রায় একই সময়ে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একই দাবিতে সদর উপজেলার বাঘেরবাজারেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

দুপুরের দিকে মহানগরের সালনা ও পোড়াবাড়ী এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবার অবরোধ করেন। এতে ওই মহাসড়কে ফের যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরাতে গেলে তারা ইটপাটকেল ছোড়েন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী এক জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা আবার সংগঠিত হয়ে মহাসড়কের অন্য জায়গায় অবস্থান নিয়ে অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, থানা পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছে।