গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামির তালিকায় এমন দুই ব্যক্তির নাম এসেছে, যারা প্রায় দুই বছর আগে মারা গেছেন। তাদের একজন পৌরসভার সাবেক কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ১১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন।
তালিকার ৯১ নম্বর আসামি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজগর। কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এই বাসিন্দা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান।
১০৪ নম্বর আসামি ইদ্রিস আলী গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। বাঁশবাড়ি গ্রামের এই বাসিন্দা ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আলী আজগরের জামাতা ফজলে রাব্বী সংবাদ মাধ্যমকে বলেন, মৃত্যুর দুই বছর পর কীভাবে একজনকে মামলার আসামি করা হলো, তা তার বোধগম্য নয়। বিষয়টি পরিবারের জন্য কষ্টের উল্লেখ করে তিনি বলেন, এখন কীভাবে এর সুরাহা হবে, সেটাও তারা বুঝতে পারছেন না।
ইদ্রিস আলীর এক ঘনিষ্ঠ স্বজন পরিচয় প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন, মৃত একজন মানুষের পক্ষে সন্ত্রাসী কার্যক্রমে জড়ানো সম্ভব নয়। এই ঘটনায় পরিবার আবারও কষ্ট পেয়েছে বলে তিনি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মামলায় আসামির সংখ্যা বেশি। মৃত ব্যক্তিদের নাম কীভাবে তালিকায় ঢুকল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই দুজনের নাম বাদ দেওয়া হবে বলেও তিনি জানান।