‘স্বাধীনতা বিরোধীরাই ময়েজউদ্দিনকে হত্যা করেছিল’: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এম.পি বলেছেন, ‘স্বাধীনতা বিরোধীরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে নাই, যে ময়েজউদ্দিন দেশের চরম দুর্দিনে নেতৃত্ব দিয়েছিল সেই ময়েজউদ্দিনকেও তারাই হত্যা করেছিল’।

রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভায় উপজেলার নোয়াপাড়া এলাকার শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা। তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এম.পি সভাপতির বক্তব্যে বলেন, স্বৈরাচারের দোষররা আমার বাবাকে হত্যা করে কালীগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চেয়েছিল। কিন্তু কালীগঞ্জের মানুষের ভালবাসায় আমার বাবার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করছি।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. আজমউল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আ’লীগ নেতা এসএম নজরুল ইসলাম, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, আমানত হোসেন খান প্রমুখসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।