হাড়িনাল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের হাড়িনাল উত্তরপাড়া এলাকা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হাড়িনাল উত্তরপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার স্ত্রী বকুল আক্তার (৫৫) ও তার মেয়ে জর্ডান প্রবাসী আঁখি আক্তার (২৭)।

জিএমপি’র সদর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এবং স্বজনরা জানান, মা বকুল আক্তার মানসিক রোগী ছিলেন। তাকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জর্ডান প্রবাসী মেয়ে আঁখি আক্তার অসুস্থ থাকায় কয়েক দিন আগে দেশে ফিরে আসেন। মঙ্গলবার রাতে আঁখি অসুস্থ হয়ে পড়লে তার ছোট বোন লাকি আক্তার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। বোনের মৃত্যুর খবর বাসায় দিতে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় খাটের বিছানার উপর পড়ে থাকতে দেখেন।

এসআই শহিদুল আরো ইসলাম জানান, লাশ দুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।