গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় ‘নৌকায় জুয়া’ খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুই দিন পর রুবেল মিয়া (৩২) নামে এক যুবকের লাশ ভেসে উঠেছে।
বৃহস্পতিবার সকালে শহরটোক এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল মিয়া স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় বাজারের ফুটপাতে ভাজাপোড়া বিক্রি করতো।
কাপাসিয়া থানার টোক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ও স্থানীয়রা বলেন, রুবেলসহ কয়েকজন গত ৭ এপ্রিল বিকেলে ব্রহ্মপুত্রের নদের অপরপ্রান্ত ময়মনসিংহের পাগলা থানার বাড়িহাতী এলাকায় ঝোপের ধারে নদীতে নৌকায় জুয়া খেলছিল। সে সময় কিছু লোক তাদের নৌকায় হামলা চালায় ও মারধর করে। একপর্যায়ে তারা নদীতে ঝাপিয়ে পরে। অন্যরা সাতর কেটে তীরে উঠতে পারলেও রুবেল নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে কাপাসিয়ার শহরটোক এলাকায় ব্রহ্মপুত্র নদে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়।
এসআই সিদ্দিকুর রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।