গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশনে ঢাকাগামী ‘সরকারি ত্রাণ’ (চাউল) বোঝাই একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বগি দুটি লাইনচ্যুত হয়েছে।
ট্রেনটি জয়দেবপুর জংশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়।
ট্রেনে সরকারি খাদ্য/ত্রাণ (চাউল) রয়েছে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জয়দেবপুর জংশনে কর্মরত এক কর্মকর্তা।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মান্নান বলে, দিনাজপুর থেকে ঢাকার তেজগাঁওগামী মালবাহী ট্রেনের দুটি বগি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে জংদেবপুর জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। ট্রেনে সরকারি খাদ্য রয়েছে।
এসআই মান্নান আরো বলেন, বগি লাইচ্যুত হওয়ায় জংশনসংলগ্ন জয়দেবপুর বাজার এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের পেছনের অংশ রয়েছে। এতে জয়দেবপুর বাজার- রাজবাড়ি সড়ক বন্ধ হয়ে পড়েছে।

সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়াতে জয়দেবপুর বাজার- রাজবাড়ি সড়কসহ জয়দেবপুর-ময়মনসিংহ ও জয়দেবপুর-টাঙ্গাইল রেলপথ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন র্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।