গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর থানার তেঁতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা অবস্থায় (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তবে হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ওই তিন চিকিৎসক করোনা পজেটিভ বলে জানা যায়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের পরিচালক ডাক্তার রাজীব হাসান।

গাজীপুর সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজেটিভ হওয়া তিন চিকিৎসকের মধ্যে প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের একজন, কনসালটেন্ট রেডিওলোজি বিভাগের একজন নারী চিকিৎসক এবং স্পেশালিস্ট নেফ্রোলজি বিভাগের একজন চিকিৎসক রয়েছে।

শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের পরিচালক ডাক্তার রাজীব হাসান বলেন, করোনা পজেটিভ তিন চিকিৎসক অসুস্থতার অনুভব করায় ৬ এপ্রিল থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ১২ এপ্রিল (রোববার) নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে ১৩ এপ্রিল (সোমবার) রাতে তাঁদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। ওই তিন চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে এবং সুস্থ আছেন। আক্রান্ত তিন চিকিৎসকের সংস্পর্শে ছিল এমন আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এই পর্যন্ত ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বাকী ৬ জনের রিপোর্ট এখনো পাওয়া যায় নি। তিনি আরো বলেন হাসপাতেলের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।