গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ না পেয়ে শারমিন সুলতানা নামে সাড়ে ৫ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। অপহরণ ও হত্যায় জড়িত দুই যুবকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেলে সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন সুলতানা কাপাসিয়ার নলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
জাহাঙ্গীর পরিবার নিয়ে বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় আবুল কালামের বাড়িতে ভাড়া থেকে খাবার হোটেলের ব্যবসা করেন।
অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে মাহবুব (২৭) ও বাপ্পি (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা জাহাঙ্গীর আলমের ভাড়াবাড়ির পাশের বাড়ির ভাড়াটিয়া।
জয়দেবপুর থানার এসআই সাদেক হোসেন ও স্থানীয়রা বলেন, শনিবার সকালে শারমিন নিখোঁজ হয়। এক পর্যায়ে অপহরণকারীরা শারমিনকে অপহরণ করা হয়েছে জানিয়ে তার পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে শারমিনের পরিবার ও প্রতিবেশিরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাহবুব ও রাব্বির ভাড়া কক্ষের টয়লেটে শারমিনের মৃতদেহ দেখে থানায় খবর দেয়।
এসআই আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শারমিনকে হত্যা করা হয়েছে। পরে তার লাশ টয়লেটে লুকিয়ে রাখা হয়। অপহরণ ও হত্যায় জড়িত সন্দেহে এলাকাবাসীর সহযোগিতায় মাহবুব ও রাব্বিকে আটক করা হয়েছে। বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।