২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১০৩৪ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩৪ জন।

সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৭টি ল্যাব থেকে ৭ হাজার ২৬৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ২০৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৩৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৩৯ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৮৮৭ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৬৩৬ জন, মারা যায় ৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।