করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন।

রোববার (১৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪২টি ল্যাব থেকে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ১১৪টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩২৮ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৩৭৩ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৩০ জন, মৃত্যু হয় ১৬ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ১ হাজার ২০২ জন, মারা যায় ১৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।