শ্রীপুরে ফোর মার্ডার: বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা আইনজীবী আব্দুন নুর দুলালের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে মা ও তিন সন্তান হত্যা মামলায় বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।

রবিবার (১৭ মে) অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল এ তথ্য জানান।

সচেতনতামূলক সংগঠন আলোর মঞ্চের সভাপতি আব্দুন নুর দুলাল বলেন, ‘একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যার ঘটনাটি মানুষের মনের তীব্র ঘৃণা সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ যেন সমাজে আর না ঘটতে পারে তাই আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার আশা করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা মামলাটির বিষয়ে যোগাযোগ রেখে চলেছি। মামলার তদন্ত পর্যবেক্ষণ করছি। আশা করছি মামলার প্রতিটি শুনানির দিন সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করতে গাজীপুর আদালতে যাবেন। সেখানে গিয়ে তারা মামলার শুনানি করবেন। কেননা এটি বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা।’ ব্যক্তি উদ্যোগেই ক্ষতিগ্রস্ত পরিবারবারটিকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান আইনজীবী আব্দুন নুর দুলাল।

গত ২৩ এপ্রিল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ রোড (আবদার) এলাকার মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের দোতলা বাড়ির একটি কক্ষ থেকে তার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘর থেকে ছোরা ও একটি বটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে নিহত গৃহবধূ স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

এরপর পুলিশ ও র‌্যাবের অভিযানে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছে- কাজিম উদ্দিন (৫০), কাজিমের ছেলে পারভেজ (২০), হানিফ (৩২), বশির (২৬), হেলাল (৩০) ও এলাহি মিয়া (৩৫)।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

শ্রীপুরের ফোর মার্ডার : কার নির্দেশে অন্য আসামিদের ছাড় দেওয়ার চেষ্টা হচ্ছিল?

শ্রীপুরে ফোর মার্ডার: ডাকাতি করতে গিয়ে বাবা ছেলে মিলে অংশ নেয় ধর্ষন ও হত্যায়

শ্রীপুরের চাঞ্চল্যকর ফোর মার্ডার: আরও পাঁচজনকে আটক করেছে র‍্যাব

শ্রীপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও দুই পরিদর্শককে প্রত্যাহার

মোবাইল চুরি করতে গিয়ে ইন্দোনেশীয় নারী ও তিন সন্তানকে একাই গলা কেটে হত্যা করে পারভেজ!

শ্রীপুরে ইন্দোনেশীয় নারী ও তিন সন্তানকে হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই

শ্রীপুরে ইন্দোনেশিয়ার এক নারীসহ চারজনকে গলা কেটে হত্যা

সূত্র: বাংলা ট্রিবিউন