গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুরে তেতুইবাড়ী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক (২৫) নামে এক মাদককারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ৫ রাউণ্ড গুলি এবং এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
সোমবার (১ জুন) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লা আল মামুন বলেন, গোপন সংবাদের জানতে পারি টেকনাফ থেকে মাদকের বড় চালান নিয়ে একটি ট্রাক এ রুটে আসছে। এজন্য তেঁতুইবাড়ী এলাকায় নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ওই ট্রাক ঘটনাস্থলে এসে র্যাবের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কয়েকজন পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয় মাদককারবারি নুরুল হক। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, ওই ট্রাক তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫ রাউণ্ড গুলি এবং এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও ট্রাক জব্দ করা হয়। বন্দুকযুদ্ধের সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।