গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ‘এক টাকায় বাজার’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী মানুষ ঘরে অবস্থান করছেন। এতে বেশি সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া তথা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। তাঁদের সহয়তা করতে এগিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন মহানগরের চতর এলাকার ‘প্রান্তিক যুব ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের কয়েকজন যুবক।

রোববার (৩১ মে) চতর বাজার ঈদ গা মাঠে সামাজিক দূরত্ব মেনে ‘এক টাকা’ প্রতীকী মূল্যে ১২০ জন নিম্ন আয়ের মানুষের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চা পাতাসহ বিভিন্ন প্রকারের শবজি বিক্রি করেছে। এ বাজার চলে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা অব্দি। বাজারের শ্লোগান ছিল ‘ফ্রিতে নয়, নিজের অর্থে-স্বাধ্যের মধ্যে স্বচ্ছন্দের বাজার’।

প্রান্তিক যুব ফাউন্ডেশন সমন্বয়কারী মো: কায়সার শাহান জানান, এ ফাউন্ডেশন সদস্য সংখ্যা ২৫ জন। সংগঠনের কোন কমিটি নেই। সদস্যরা সবাই মিলে মিশে বিভিন্ন মানবতা মূলক এবং সমাজের উন্নয়ন মূলক কাজ করে থাকেন। সদস্যদের অধিকাংশই কলেজ বা বিশ^বিদ্যালয়ের ছাত্র। কয়েকজন চাকুরীজীবী এবং ব্যবসায়ি আছেন। তিনি নিজেও গাজীপুরস্থ মডেল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির চতুর্থ বর্ষের ছাত্র।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ এখন ঘরে অবস্থান করছেন। এতে কর্মহীন এবং বিপাকে পড়েছেন রিকশা চালক, দিনমুজুর, গৃহকর্মী ইত্যাদি শ্রেণীর নিম্ন আয়ের মানুষ। তাঁদের পরিবারের কথা ভেবে এ বাজারের আয়োজন করা হয়। বাজারে এক টাকার বিনিময়ে প্রতিজনকে দেয়া হয়েছে দুই কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আড়াইশ’ গ্রাম ডাল, চা পাতা, মরিচসহ বেগুন, পুইশাক, লালশাক, ডাটা ইত্যাদি শবজি। যাতে একটি পরিবার অন্তত দুই দিন খেতে পারে। তিনি বলেন, এসব পণ্য কিনতে সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছেন পাশাপাশি এলাকার মুরব্বী-ব্যবসায়িরাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা করেছেন।

এক টাকা মূল্য নির্ধারণ করলেন কেন ? জানতে চাইলে শাহান বলেন, আমরা আগে বিভিন্ন সময় এলাকার কাউকে হেল্প করতে গেলে অনেকেই লজ্জাবোধ করত। কেউ যাতে লজ্জাবোধ না করে এর জন্য আমরা বলছি- আপনি নিজের অর্থে এ সব ক্রয় করছেন। এরজন্য শ্লোগানও নির্ধারণ করা হয়েছে ‘ফ্রিতে নয়, নিজের অর্থে-স্বাধ্যের মধ্যে স্বচ্ছন্দের বাজার’।

ওই বাজার থেকে এক টাকায় বাজার করেছেন একই এলাকার বাসিন্দা গৃহকর্মী আসমা বেগম। তিনি জানান, তার স্বামী দিনমুজুর। ৫ জনের সংসার তাদের। গত প্রায় আড়াই মাস ধরে উভয়েই বেকার। কষ্টে দিনাতিপাত করছিলেন জানিয়ে বলেন, এক টাকায় যে বাজার পাওয়া গেছে এতে তাদের প্রায় তিন চলবে। এতে তিনি খুবই খুশি।