গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজেন্দ্রপুর বিকেবাড়ী এলাকায় বনের জমি দখল করে গড়ে ওঠা ‘বাঁশরী পিকনিক স্পটে’ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
রোববার (১২ জুলাই) সকালে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
বিকেবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিকেবাড়ী এলাকায় বাঁশরী পিকনিক স্পটের মালিক ১৮ শতাংশ বনভূমি দখল করে রেখেছিল। দখলদারকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বনভূমি ছেড়ে দিতে কয়েকবার নোটিশ প্রদান করা হয়। এতে সাড়া না দিলে বনভূমি উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়। রোববার সকালে বনের জমি দখল করে গড়ে ওঠা ‘বাঁশরী পিকনিক স্পটে’ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করেছে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন। উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, বেহাত বনভূমি উদ্ধার এবং বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। উচ্ছেদ মোকদ্দমাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে বন বিভাগের দুর্ভোগ লাঘব হবে বলেও তিনি জানান।

উচ্ছেদ অভিযানে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ জয়দেবপুর থানা পুলিশ এবং ভাওয়াল রেঞ্জের কর্মীরা উপস্থিত ছিলেন।