গাজীপুরে সাংবাদিকের বাড়ি থেকে ৭’শ পিস ইয়াবা ও সাড়ে ৭ লাখ টাকার জাল নোট উদ্ধার

বিশেষ প্রতিনিধি : মহানগরের তেলিপাড়ার বারবৈকা এলাকায় অভিযান পরিচালনা করে মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি’র বাড়ির ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে ৭’শ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাড়ে ৭ লাখ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিএমপি’র বাসন থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম আহসান হাবীব।

বাড়ির মালিক মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জুলাই মাসের শুরুর দিকে আমার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট রাসেল নামে এক ব্যাক্তি পারিবার নিয়ে বসবাস করার জন্য ভাড়া নেন। পরে তিনি কিছু মালপত্র ওই ফ্ল্যাটে রেখে যান এবং ৩ জুলাই স্ত্রীকে নিয়ে বাসায় ওঠেছিলেন। পুলিশের অভিযানের সময় তারা কেউ (ভাড়াটিয়া দম্পতি) বাসায় ছিলেন না’।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) বিকেলে সাংবাদিক আতিকুর রহমানের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফ্ল্যাটের একটি কক্ষে থাকা জুতার বক্স থেকে প্রতিটি এক হাজার টাকা মূল্যমানের ৭৫০টি জাল নোট এবং একটি পাতিলের ভেতর থেকে সাতশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জিএমপি’র বাসন থানায় মামলা দায়ের হয়েছে। ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে।