ডুয়েট শিক্ষার্থীদের মেস ভাড়া অর্ধেক নেয়ার ঘোষণা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)’র শিক্ষার্থীদের জন্য করোনাকালীন সময়ে (এপ্রিল থেকে ডুয়েট খোলা পর্যন্ত) ছাত্রাবাস (মেস) ভাড়া অর্ধেক করে দিয়েছেন স্থানীয় ছাত্রাবাস বাড়ির মালিক সংগঠন।

ডুয়েট শিক্ষক, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ও ছাত্রাবাস বাড়ির মালিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্টাপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর ভূঁঞা বলেন, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে ডুয়েট ছাত্রদের বাড়ি ভাড়া অর্ধেক করে দেয়ার এ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) ছাত্রাবাস বাড়ির মালিক সংগঠনের সদস্য মো: নাজমুল আলম বলেন, ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ডুয়েট হলরুমে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডুয়েটের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: আবুল কাশেম, স্থানীয় কাউন্সিলর মো: মজিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর ভূঁঞা, ছাত্রাবাস বাড়ির মালিক সংগঠনের সভাপতি মো: মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মাহাবুবুর রহমান সরকার, ডুয়েট শাখা ছাত্রলীগ সভাপতি মো: তাইবুর রহমান, ও সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী প্রমুখ বক্তব্য রাখেন।

নাজমুল আলম জানান আরো জানান, সভার সিদ্ধান্ত মোতাবেক এপ্রিল থেকে ডুয়েট খোলার পূর্ব পর্যন্ত যে সকল শিক্ষার্থী ছাত্রাবাসে (মেস) ছিল, আছে এবং থাকবে তাদের সকলের জন্য বাড়িভাড়া শতকারা ৫০ ভাগ (অর্ধেক) নেওয়া হবে। এ ছাড়াও এপ্রিল হতে যে সকল শিক্ষার্থী ছাত্রাবাসে (মেস) অবস্থান করছেন না তাদের সকলের জন্যও বাড়ি ভাড়া শতকারা ৫০ ভাগ মওকুফের সিদ্ধান্ত হয়েছে।