গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে পূবাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোটরসাইকেল চালক হৃদয় পাঠান (২১) ও মোটরসাইকেল আরোহী শিলমুন এলাকায় বসবাস করা শাকিল ভূইয়া (২০)। হৃদপাঠান পূবাইল আদর্শ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষে এবং শাকিল ভূইয়া অন্য একটি কলেজে অধ্যয়নরত ছিল।
হৃদয় পাঠান পূবাইলের মাঝুখান এলাকার রুস্তম পাঠানের ছেলে এবং শাকিল ভূইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার তিলাবু এলাকার মহসিন ভূইয়ার ছেলে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হোসনে আরা সিদ্দিকি জুলি ও নিহতের স্বজনরা বলেন, হৃদয় ও শাকিল মোটরসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিল। বিকেল সাড়ে ৪ টার সময় মোটরসাইকেলযোগে তারা দু’জন কালীগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল ভূইয়া ঘটনাস্থলে এবং হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইল ব্রিজ সংলগ্ন এলাকায় কালীগঞ্জগামী ওই মোটরসাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী শাকিল ভূইয়া ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা মোটরসাইকেলের চালক হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মূত্যু হয়।
নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।