গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে উৎপাদিত সিলভার নিডেল গ্রেডের ‘হোয়াইট টি’ প্রথমবারের মতো চট্টগ্রামের চা নিলামে উঠেছে। প্রতিকেজি চা আড়াই হাজার টাকা দামে কিনে নেয় পদ্মা টি সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আগ্রাবাদের প্রগ্রেসিভ টাওয়ারে এ নিলাম অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, ন্যাশনাল টি কোম্পানির চাম্পারাই বাগানে উৎপাদিত ১০ কেজি হোয়াইট টি চট্টগ্রাম নিলামে ক্যাটালগভুক্ত করেছে পূর্ব বাংলা ব্রোকারস। সব চা কিনে নেয় শ্রীমঙ্গল স্টেশন রোডের পদ্মা টি সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান।
পূর্ব বাংলা ব্রোকারস লিমিটেডের পরিচালক আরিফুর রহমান শাহীন বলেন, চট্টগ্রাম নিলাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট টি উঠলো এবং সবটাই বিক্রি হলো। এই চায়ের গ্রেড সিলভার নিডেল।
তিনি জানান, এ চায়ের জন্য বিশেষ যত্নের সঙ্গে শুধু কুঁড়িটাই সংগ্রহ করা হয়। তাই খুব বেশি উৎপাদন হয় না। দেশের কয়েকটি চা বাগানে সীমিত পরিসরে এ চা উৎপাদন হচ্ছে। যার ক্রেতা বিদেশি পর্যটক ও দেশের শৌখিন চা প্রেমীরা।
চা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলভার নিডেল গ্রেডের এই চা প্রাথমিকভাবে চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে উৎপাদন হয়। অতি সম্প্রতি পূর্ব নেপাল, তাইওয়ান, উত্তর থাইল্যান্ড, দক্ষিণ শ্রীলঙ্কা ও ভারতে এই চায়ের চাষ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সাদা চা এখনো চায়না হোয়াইট বা ফুজিয়ান হোয়াইট নামে পরিচিত। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এ চা রপ্তানি হয়। কাজী অ্যান্ড কাজী তা রপ্তানি করে থাকে।
হোয়াইট টি নামে পরিচিত হলেও এই চায়ের রং পুরোপুরি সাদা নয়। এটি দেখতে অনেকটা গ্রিন টির মতো। তবে হোয়াইট টি গরম পানিতে দেওয়ার পর রুপালি আভা দেখা যায়। সিলেটের শ্রীমঙ্গল এলাকায় সাদা চায়ের ভালো চাহিদা রয়েছে। সেখানে পর্যটক এবং বিদেশিরা এই চা কিনে থাকেন। খোলা বাজারে সাদা চা প্রতি কেজি ৭-৮ হাজার টাকায় বিক্রি হয়।