গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে ৩৫ বছর বয়সী এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কার্তিক গাজীপুর মহানগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন কার্তিক। কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার একটি অফিস থেকে হেঁটে কাছের ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির গণমাধ্যমকে বলেছেন, কার্তিকের বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।