গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিস্ফোরণে বিধস্ত লেবাননের ক্ষমতা যাচ্ছে দেশটির সেনাবাহিনীর হাতে। গত সপ্তাহে বিস্ফোরণের পর আন্দোলনের মুখে পদত্যাগ করে লেবানন সরকার। এরপরও দেশটির প্রেসিডেন্ট ও স্পিকারের পদত্যাগের জন্য আন্দোলন চলতে থাকে। ফলে দেশটির সংসদ জরুরি অবস্থা অনুমোদন করায় কার্যত নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) লেবাননের সংসদ এই জরুরি অবস্থার অনুমোদন করে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির সংসদ জরুরি অবস্থার জন্য আট দিনের মধ্যে ভোট দিয়েছে। যেটি আইনগতভাবে প্রয়োজন ছিলো।
তবে এই জরুরি অবস্থা জারি করার নিয়ে সমালোচনা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো। কারণ, জরুরি অবস্থা বাকস্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা বন্ধসহ বাড়িতে প্রবেশ করে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা জন্য সেনাবাহিনীকে অনুমতি দেয়। যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ ও বিভিন্ন সংগঠন জানায়, সামরিক আদালতে বিচারগুলো স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সঙ্গে খাপ খায় না। বিস্ফোরণের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে এই সংগঠনগুলো।
এর আগে বিস্ফোরণের পরের দিন দুই সপ্তাহ জরুরি অবস্থা জারি করেছিল লেবাননের মন্ত্রীসভা। ওই বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ নিহত ও ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।