ইউক্রেন যুদ্ধে চার লাখেরও বেশি রুশ সেনা নিহত

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্ক স্পষ্ট উল্লেখ রয়েছে।

ইউক্রেন যুদ্ধে চার লাখেরও বেশি রুশ সেনা নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এই সংখ্যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি হতে পারে।

বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ ও ইউক্রেনের হ্যাকিং গ্রুপ ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রসস্ট্যাটের তথ্যভান্ডারে সেনোপ্রবেশ করে এই বিপুল তথ্য সংগ্রহ করে। ওই তথ্যভান্ডারে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের রেকর্ড রয়েছে, যেখানে মৃত ব্যক্তিদের বয়স, বাসস্থান ও মৃত্যুর স্থানসহ বিস্তারিত বিবরণ পাওয়া যায়। পরবর্তীকালে এই তথ্যগুলো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্ক স্পষ্ট উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণ-সংক্রান্ত কোড অথবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের মাধ্যমে এসব তথ্য শনাক্ত করা হয়।

সোমবার (০৯ নভেম্বর) দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ১ নভেম্বর হ্যাকিংয়ের ঘোষণা দিয়ে তথ্যগুলো প্রকাশ্যে আনে হ্যাকার গোষ্ঠী দুটি। রসস্ট্যাট হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করলেও কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়নি বলে দাবি করেছে।

ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র শুরু থেকেই গোপন রেখে আসছে মস্কো। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে রুশ কর্তৃপক্ষ আর নিহত সেনার সংখ্যা প্রকাশ করেনি; এটি দেশটির অন্যতম রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে বিবেচিত।

ফাঁস হওয়া এসব তথ্যের সত্যতা দ্য গার্ডিয়ান স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করতে না পারলেও অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে এর স্পষ্ট সামঞ্জস্য রয়েছে। গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় পাঁচ লাখ সেনা নিহত হয়েছেন।

এদিকে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমের শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে ইতোমধ্যে ২ লাখ ৮৬ হাজার নিহতের পরিচয় নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির অনুমান, প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হবে।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান জানিস ক্লুগে মন্তব্য করেছেন, ফাঁস হওয়া তথ্যগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য ও সমৃদ্ধ। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহত নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।

তিনি আরও ব্যাখ্যা করেন, সরকারি তথ্যভান্ডারে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হতে প্রায় ছয় মাস সময় লেগে যায়। এ ছাড়া বিপুলসংখ্যক সেনা নিখোঁজ রয়েছেন অথবা তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা চার লাখ পেরিয়ে পাঁচ লাখের কাছাকাছি হওয়াই স্বাভাবিক।

ফাঁস হওয়া তথ্যে উঠে এসেছে, রাশিয়ার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের ওপর যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। বিপরীতে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো অভিজাত শহরগুলোতে এই হার মাত্র ১০ শতাংশের কাছাকাছি।

প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৪ সালের শেষ ভাগ ও ২০২৫ সালে রুশ বাহিনীর হতাহতের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। কোনো কোনো মাসে নিহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়, যা দিনে গড়ে ৫০০ জনেরও বেশি। জানিস ক্লুগে এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন।