টঙ্গীর ‘এসএস স্টিল মিলের’ চার শ্রমিক দগ্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর মিলগেট এলাকার ‘এসএস স্টিল মিলস’ নামে একটি কারখানায় লোহা গলানোর সময় চার শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ চারজন হলেন, মোজাম্মেল হোসেন (২২), নিলয় (২৫), দুলাল (৪৫) ও রিপন (৩০)। এছাড়াও আহত অপর এক শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। দগ্ধ অপর চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মোজাম্মেল হোসেনের শরীরের ৯০ শতাংশ, নিলয়ের ৫০ শতাংশ, দুলালের ৯০ শতাংশ, রিপনের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের কেউই শঙ্কামুক্ত নন।