গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত সোমবারের ঘটনার জের ধরে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে।
গাছা থানায় করা এই মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার মামলাটি নথিভুক্ত হয়।
মামলার প্রধান আসামি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন। অন্য আসামিদের মধ্যে আছেন: অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন, মামুনুর রহমান ও মো. সিরাজুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, সেকশন অফিসার ইয়াকুব আলী ও মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন ও মোহা. আজিজুল হক, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আব্দুল বাতেন, আফজাল হোসেন ও ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর) এবং লিফটম্যান রিপন।
এজাহারে বলা হয়েছে, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধি এবং জ্যেষ্ঠতা ও পদোন্নতি–সংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। অভিযোগ অনুযায়ী, এটি সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী ছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা মারমুখী আচরণ করে ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন এবং বিভিন্ন অফিসের সামনে মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন, প্রো-ভিসিকে ধাক্কা দিয়ে আহত করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারের ভাষ্য, এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এ ঘটনার আগেই বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন কমিটির প্রধান।